সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকলের ঘটনায় তদন্ত চলছে

জাতীয় সংসদের কেনাকাটায় অতীতে আলোচিত ‘বালিশ, পর্দা ও ছাগল কাণ্ড’-এর মতো বিতর্কিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
জাতীয় সংসদ
জাতীয় সংসদ |নয়া দিগন্ত

জাতীয় সংসদের কেনাকাটায় অতীতে আলোচিত ‘বালিশ, পর্দা ও ছাগল কাণ্ড’-এর মতো বিতর্কিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। একই সাথে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকল হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ মো: নূরুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ হুইপ মো: নূরুল ইসলাম জানান, সংসদের আসবাবসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অতীতের অনিয়মের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ক্রয়মূল্য যুক্তিসংগত রাখার ওপর জোর দেয়া হয়েছে।

তিনি আরো জানান, সংসদ এলাকায় সুপেয় পানির সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে এবং খুব শিগগিরই সংসদ সদস্যরা তাদের নির্ধারিত বাসভবনে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকল হওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, এটি নাশকতা কিনা তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সাউন্ড সিস্টেম পুরোপুরি সচল না থাকায় বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই কাজ চালাতে হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের ঘটনায় সাউন্ড সিস্টেমে নাশকতার আশঙ্কা রয়েছে এবং এ কারণে প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দিতে হয়েছে, যা নজিরবিহীন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে সংসদ সদস্যদের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনসমূহের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরের এমপি হোস্টেলের অফিস কক্ষ বরাদ্দ, সংসদের মেডিক্যাল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা, আবাসিক ভবনে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে সাউন্ড সিস্টেমের ত্রুটি চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

এছাড়া সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, পানির গুণগত মান এবং সংসদ সদস্যদের ব্যবহৃত আসবাবপত্রের মান যাচাইয়ের জন্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়েছে।