ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনেই জামানত হারালেন হাতপাখার প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের কোনোটিতেই জামানত রক্ষা করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থীরা। প্রতিটি আসনেই তারা মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম পাওয়ায় ৫০ হাজার টাকার জামানত হারান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে হাতপাখার ছয় প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে হাতপাখার ছয় প্রার্থী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের কোনোটিতেই জামানত রক্ষা করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থীরা। প্রতিটি আসনেই তারা মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম পাওয়ায় ৫০ হাজার টাকার জামানত হারান।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৫০ হাজার ৮৪টি। এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১৮ হাজার ৭৬০ ভোট। সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী হুসাইন আহমাদ পেয়েছেন মাত্র ৯০৭ ভোট, যা নির্ধারিত সীমার অনেক নিচে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট প্রদত্ত ভোট দুই লাখ ৪৪ হাজার ৯৯৭টি। জামানত টিকিয়ে রাখতে দরকার ছিল ৩০ হাজার ৬২৪ ভোট। কিন্তু হাতপাখা প্রতীকের প্রার্থী নেছার আহমাদ পেয়েছেন মাত্র তিন হাজার ৮৫১ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৯৫ হাজার ৮৫৫টি। এক অষ্টমাংশ হিসেবে দাঁড়ায় ৩৬ হাজার ৯৮২ ভোট। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী নিয়াজুল করিম পেয়েছেন মাত্র ছয় হাজার ২৩১ ভোট, যা প্রয়োজনীয় ভোটের তুলনায় অনেক কম।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৪২ হাজার ৩০২। এ আসনে জামানত রক্ষার সীমা ছিল ৩০ হাজার ২৮৭ ভোট। হাতপাখা প্রতীকের মো. জসিম পেয়েছেন মাত্র ২ হাজার ২৭৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট ভোট দুই লাখ ৬০ হাজার ৯০টি। জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল ৩২ হাজার ৫১১ ভোট। ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৬৯৬ ভোট, যা নির্ধারিত এক অষ্টমাংশের কম। তবে জেলার ছয়টি আসনের মধ্যে এ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৫৩ হাজার ৫০টি। এক অষ্টমাংশ হিসেবে প্রয়োজন ছিল ১৯ হাজার ১৩১ ভোট। সেখানে হাতপাখা প্রতীকের সাইদউদ্দিন খান পেয়েছেন আট হাজার ৫৭২ ভোট।

ফলে ছয়টি আসনের কোনোটিতেই নির্ধারিত ভোটসীমা অতিক্রম করতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।