ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



