চট্টগ্রামের রাজনীতিতে নতুনত্বের সূচনা হয়েছে। পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা। যা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের প্রভাব বলে মনে করছেন সাধারণ মানুষ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের নানা প্রান্ত থেকে নির্বাচনোত্তর সহিংসতার খবর এলেও চট্টগ্রামে এবার রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে। ভোটের ফল ঘোষণার পরপরই পারস্পরিক কাঁদাছোড়াছুড়ির পরিবর্তে সৌহার্দ্যের বার্তা যাচ্ছে মানুষের কাছে। যা ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী।
অ্যাডভোকেট আবু নাছের বিন হাসেমের মতে, এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। বহির্বিশ্বে আমাদের মর্যাদা বাড়বে।
ডা. একে এম ফজলুল হককে শুভেচ্ছা জানালেন আবু সুফিয়ান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একে এম ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. একে এম ফজলুল হকের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি জামায়াত প্রার্থীর সাথে কুশলাদি ও সৌহার্দ্য বিনিময় করেন এবং চট্টগ্রাম-৯ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনা করেন।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও চট্টগ্রাম-৯ এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। এই এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে একসাথে কাজ করব। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার রক্ষায় আমরা গঠনমূলক ভূমিকা রাখব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
একই সাথে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম এবং চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহিদ মুরাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম-৮ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ডা. মো. আবু নাছেরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে উভয় নেতা বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা, সহাবস্থান ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে তারা এলাকার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাওলানা জহিরুল ইসলাম পরাজিত প্রার্থী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উভয়ে বাঁশখালীর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার কথা বলেন। গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এই সৌজন্য সাক্ষাতে পরস্পর হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশিত বাঁশখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের আংশিক আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির নেতা আসলাম চৌধুরী নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে বিজয়ী বিএনপির মোস্তফা কামাল পাশার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরাজিত জামায়াতের প্রার্থী আলাউদ্দিন সিকদার। এসময় বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীকে বুকে টেনে নেন এবং এলাকার উন্নয়ন ও ঘাট ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ চালানোর ঘোষণা দেন।
চট্টগ্রাম-১১ আসনে বিজয়ী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন পরাজিত জামায়াতের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বিজয়ী বিএনপির হুম্মাম কাদের চৌধুরীকে অভিনন্দন জানিয়ে রাঙ্গুনিয়ার উন্নয়নে বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতার বার্তা দিয়েছেন জামায়াতের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম।


