উলিপুরে অটোরিকশা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা জব্দ

উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড়ের দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
জব্দকৃত গাঁজা
জব্দকৃত গাঁজা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে নিয়মিত তাল্লাশি অভিযানে একটি সিএনজিচালিত অটোরিক্শা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় অটোরিক্শাতে থাকা তিনজন ব্যক্তি পালিয়ে যান।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড়ের দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাতে তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড়ের দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন উপ-পরিদর্শক (এসআই) মো: মাজেদুল ইসলামসহ পুলিশের একটি দল। এ সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজিচালিত অটোরিক্শা চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক হঠাৎ দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্শাটি দুর্ঘটনায় পড়ে। পরে গাড়ি রেখেই চালকসহ তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে আটোরিকশাটি তল্লাশি চালিয়ে চারটি বাজারের ব্যাগে রাখা সাতটি পোটলা থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সব পোটলা প্লাস্টিক টেপ ও রশি দিয়ে শক্তভাবে মোড়ানো ছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আটোরিকশাটি জব্দ করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।