চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাম্পট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৩৮)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মরহুম মজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়ি করে বড়তাকিয়া ফিরছিলেন তিনি। নিপ্পন কারাখানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে কামালের গাড়িটি দুমড়ে মুছেড়ে যায় এবং তিনি গাড়িতে আটকে যান। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, ‘আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছেন, অপরদিক থেকে একটি ডাম্পট্রাক আসছে। চোখের পলকে ট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে ওই গাড়ির চালককে আটক করেছে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



