ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালালো দুর্বৃত্তরা

স্থানীয়রা ছিনতাইকারীর ফেলে যাওয়া জ্যাকেট তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন এবং কিছু টাকা উদ্ধার করেন।

শহীদুল্লাহ খান, ঈশ্বরদী (পাবনা)

Location :

Ishwardi
ঈশ্বরদী থানা, পাবনা
ঈশ্বরদী থানা, পাবনা |সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে যান ছিনতাইকারীরা। তবে পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে একটি বিদেশী পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যান দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম রতন (৪২) ওই এলাকার মরহুম আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড়ের প্রাণ কোম্পানির গেট সংলগ্ন এলাকায় বিকাশ ও নগদ অ্যাজেন্টের ব্যবসা পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে রতন তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ছিনতাইকারী দলের দুই সদস্য মোটরসাইকেলে করে তার পিছু নেন। রতন বাড়ির প্রধান ফটকে পৌঁছালে ছিনতাইকারীরা তার চোখে ঝাঁজালো স্প্রে নিক্ষেপ করেন এবং টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রতন ও তার পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের একজন তার শরীরের জ্যাকেট খুলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা জ্যাকেট তল্লাশি করে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন এবং কিছু টাকা উদ্ধার করেন। পরে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম রতন ও তার স্ত্রী তুলি খাতুন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’