ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Feni

ফেনীর সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ঘটনাস্থলে কয়েকজন স্থানীয় মানুষও জড়ো হয়েছিলেন। এমন অবস্থায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এবং সেখানে অবস্থানরত লোকজনকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেল (৩২)-কে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. মিজান (৩৫) ও সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী শামীম ভূঁইয়া জানান, তার রেস্টুরেন্টের পাশেই দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে বাইরে এসে তিনি দেখতে পান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবোঝাই ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।