চান্দিনায় দেড় শতাধিক পরিবারে স্বাবলম্বী সামগ্রী বিতরণ

প্রায় দুই যুগ আগে এক শীতের রাতে গ্রামের এক অসহায় শীতার্ত বৃদ্ধার গায়ে একটি কম্বল জড়িয়ে দেই। পরদিন ওই বৃদ্ধা আমার বাড়িতে এসে বলেন, রাইতে ঘুমডা ভাল হইছে।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে নানা সামগ্রী বিতরণ
দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে নানা সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় অসহায় পরিবারকে স্বাবলম্বী করে এলাকায় দারিদ্র বিমোচনসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সহায়তা প্রদানে নীরবে কাজ করছে সামাজিক সংগঠন চিল্ড্রেন চার্টার ফাউন্ডেশন (সিসিএফ)।

প্রতিবছর এলাকার দরিদ্র পরিবার, অসহায় নারী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, চিকিৎসার অভাবে থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে নিজেদের অর্থায়নে সামাজিক সেবা প্রদান করছে সংগঠনটি। ২০০৪ সাল থেকে টানা ২২ বছর ধরে ওই সেবা কার্যাক্রম চালিয়ে স্বাবলম্বী করেছে অনেক পরিবারকে, হাসি ফুটিয়েছেন অনেক অসুস্থ রোগীর মুখে। মাথা গোঁজার জায়গা করে দিয়েছে শতাধিক গৃহহীন পরিবারকে।

প্রতি বছরের মতো এবারো পাঁচজন দরিদ্র কৃষককে পাঁচটি গরু, চার দরিদ্র নারীকে চারটি ছাগল, পাঁচজন অসহায় নারীকে পাঁচটি সেলাই মেশিন, গৃহহীন আট পরিবারে তিন বান করে ঢেউ টিন ও আরসিসি পিলার, তিনটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল, তিনজন হকারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা, পাঁচজন দরিদ্র চক্ষু রোগীকে পাঁচ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা, পাঁচজন দরিদ্র বয়স্ক নারী-পুরুষকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা, দশজন দরিদ্র এসএসসি পরীক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া ১০টি স্কুল-মাদরাসার এক শ’ শিক্ষার্থীর মাঝে কাগজ-কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ, শতাধিক পরিবারে একটি কাপড়-একটি লুঙ্গি, চাল-ডাল প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনটি লিল্লাহ বডিংয়ে তিন শ’ কেজি চাল প্রদান করে সংগঠনটি।

সিসিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম তার নিজ গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার (৪ এপ্রিল) চান্দিনা উপজেলার বড়ইয়াকৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকার একটি মাদরাসা মাঠে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

সিসিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, প্রায় দুই যুগ আগে এক শীতের রাতে গ্রামের এক অসহায় শীতার্ত বৃদ্ধার গায়ে একটি কম্বল জড়িয়ে দেই। পরদিন ওই বৃদ্ধা আমার বাড়িতে এসে বলেন, রাইতে ঘুমডা ভাল হইছে। বৃদ্ধার মুখ থেকে ওই কথাটি শোনার পর অসহায়দের সেবার মানসিকতা মনে লালন করতে শুরু করি।

তিনি জানান, দেশে-বিদেশে পরিচিতদের কাছ থেকে হাত পেতে সহায়তা এনে এলাকার গরীব-দুঃখী পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। এ কাজে আমাকে সহায়তা করেন এসএসবিএল’র চেয়ারম্যান খাঁজা মুনির মাসুকউল্লাহ, ইউকে প্রবাসী দানিস হিড়জি, খাঁজা মোস্তফাইন মুনির, সৈয়দা মারুফা শাকি, সিরাজুল ইসলাম, মো: আমিরুল ইসলাম, ইউএসএ প্রবাসী জামাল হোসেন, কাজী রবিউল আমিন, মো: মনির হোসাইন পাটোয়ারী, মো: খায়রুল বাসার, প্রেভাংশু কুমার মজুমদার, সার্ভেয়ার মনির হোসেন, ওমান প্রবাসী ফারুক হোসাইন, মো: ইসমাইল হোসেন প্রমুখ।

ফাউন্ডেশনের দাতা সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের, রোস্তম আলী মাস্টার, যুবদল নেতা ইসমাইল হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ভূইয়া, সমাজ সেবক হানিফ ভূইয়া প্রমুখ।