সিলেটের জৈন্তাপুরে পাড় ধসে বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলার রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জৈন্তাপুরে পাড় ধসে বালুচাপায় নিহত আব্দুর রহমান (২৫)
জৈন্তাপুরে পাড় ধসে বালুচাপায় নিহত আব্দুর রহমান (২৫) |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলার রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক বালুর নিচে চাপা পড়েন। তিনি আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’