রাঙামাটির লংগদু উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে মারধর করে জোরপূর্বক মুখে কীটনাশক ঢেলে হত্যা করেছেন। তবে শ্বশুরবাড়ির দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে ওই গৃহবধূ নিজেই কীটনাশক পান করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া আক্তার (১৮) যাত্রামুড়া গ্রামের আছর আলীর মেয়ে এবং একই গ্রামের হযরত আলীর স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আছিয়াকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে জোর করে মুখে কীটনাশক ঢেলে হত্যা করা হয়।
অন্যদিকে শ্বশুরবাড়ির সদস্যদের ভাষ্য, পারিবারিক মনোমালিন্যের জেরে আছিয়া নিজেই বাড়িতে থাকা কীটনাশক পান করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, লাশ লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ আইনানুগ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।



