নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল

পদ্মা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় ৩০ হাজার ৩২৯ যানবাহন পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে ভোট দেয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছে। ফলে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের চলাচল ছিল লক্ষণীয়।

Location :

Louhajang
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার দৃশ্য
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার দৃশ্য |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে ভোট দেয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছে। ফলে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের চলাচল ছিল লক্ষণীয়।

চলাচলকারী যাত্রীরা জানান, কয়েক দিনের টানা ছুটি এবং ভোট দেয়ার উদ্দেশ্যেই তারা বাড়ি যাচ্ছেন।

সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১৮ ঘণ্টায় পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩০ হাজার ৩২৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২২ হাজার ৭২৬টি এবং জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৭ হাজার ৬০৩টি যানবাহন।

এ সময় উভয় প্রান্ত থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ ছিল তুলনামূলক বেশি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে দৈনিক নয়াদিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়। তিনি জানান, টানা ছুটি ও ভোট উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ থাকলেও বিকেল সাড়ে ৫টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুপুরের পর থেকে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়, তবে এক্সপ্রেসওয়েতে কোথাও যানজট সৃষ্টি হয়নি।

তিনি বলেন, “টানা ছুটি ও ভোট দেয়ার জন্যই মানুষ নিজ নিজ এলাকায় ফিরছেন।”

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে। তবে শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীদের ছুটি মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। ভোটের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা কয়েক দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে।