চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৭টা ৪০ মিনিটে নিজ কেন্দ্র দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনের দিন সকালেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অধ্যাপক মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।’
তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।
এদিকে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।



