গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আসয়াদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাহমিদ হোসেন খানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ।
মানবাধিকার কর্মী আব্দুল হামিদ শিমুলের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মো: রায়হান আহমদ, শাহাব উদ্দীন, মিনহাজ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, আক্তারুজ্জামান, মাওলানা রশিদ আহমদ ও ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলী হোসাইন, সহকারী সেক্রেটারি মো: আমিনুর রহমান, মো: শরিফ আহমেদ মোর্শেদ, সহকারী প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, শিব্বির আহমদ, মো: শাহিন আলম ও মো: শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া দেশে চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও দেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।



