গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মনি আক্তার (৪০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় মনি আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনা ঘটে। নিহতরা হলো আরাফাত (৪) ও মায়শা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ীর একটি আবাসিক কলোনিতে বসবাস করতেন। পারিবারিক অভাব-অনটন ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বৃহস্পতিবার বিকেলেও স্বামীর সাথে তার বিরোধ হয়। একপর্যায়ে তিনি দুই সন্তানকে কীটনাশক পান করানোর পর নিজেও তা পান করেন ।
পরে তাদের অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুই শিশুর অবস্থার অবনতি হলে চিকিৎসক মা ও দুই সন্তানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. বিজন মালাকার জানান, তিনজনই বিষক্রিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।



