দিনাজপুরে পিআইবির আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

দিনাজপুরে গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময়ে কলমকে আরো দায়িত্বশীল ও সচেতন করে তুলতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে জেলার প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক সাদাকাত আলী খান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ সাংবাদিক অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জিলহাজ উদ্দিন নিপুণ ও ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: বাহারাম খান।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নির্বাচন রিপোর্টিংয়ের প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় তুলে ধরা, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া এবং নির্বাচন প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব জোরালোভাবে উপস্থাপন করা।

আলোচনা সভায় বক্তব্য প্রদান, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, অভিমত গ্রহণ ও মক সেশনের মাধ্যমে পরিচালিত এ কর্মশালার লক্ষ্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসম্মত ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রতিবেদন তৈরিতে প্রতিবেদকদের সক্ষম করে তোলা।