ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সঙ্ঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশের এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এজন্য তাকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে তার সমর্থকরা।
অন্যদিকে, একই সময় ও একই স্থানে কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সঙ্ঘাতের আশঙ্কা দেখা দেয়ায় জননিরাপত্তার স্বার্থে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ১৪৪ ধারা জারিকৃত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



