সিলেট সীমান্তে ৭৯ লাখ টাকার মালামাল জব্দ

বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ লাখ ৯৭ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। আটক মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় বিজিবি।

Location :

Gowainghat
জব্দ মালামাল
জব্দ মালামাল |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ লাখ ৯৭ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।

শনিবার (১ আগস্ট) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি, বারকি নৌকা আটক করতে সক্ষম হয়। আটক চোরাচালানের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান আটক করা হয়। আটক মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’