পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব উপজেলার পামুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটুন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী। আহত শুভ্রদেব একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আলু ব্যবসায়ী বিপ্লব লক্ষীরহাট কোল্ড স্টোরেজ থেকে বের হয়ে কালুরহাট এসবি-২ কোল্ড স্টোরেজে যান। সেখানে পিকনিকের খাবার খেয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বিপ্লব ও শুভ্রদেব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লবের মৃত্যু হয়। আহত শুভ্রদেবকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



