চট্টগ্রামের মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের উদ্যোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়।
এর আগে, মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় মীর হোসেনের। কাছে গিয়ে কান্নার শব্দ শুনে প্যাকেটটি খুললে ভেতরে সদ্যজাত একটি কন্যাশিশুকে দেখতে পান তিনি। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে নেয়া হয়।
বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এ ফারুক বলেন, নবজাতকটির ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। তার শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর অবস্থার উন্নতি হয়। উন্নত চিকিৎসার স্বার্থে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানতে পারি। খবর পাওয়ার পর শেফা ইনসান হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেই। উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বুধবার দুপুরে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটির সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন নজর রাখছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও সামাজিক সুরক্ষার ব্যবস্থাও নেয়া হবে।’



