রাজবাড়ী পদ্মানদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে কোস্টগার্ড, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
দণ্ডপ্রাপ্ত আসামিরা
দণ্ডপ্রাপ্ত আসামিরা |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন কলাবাগান এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে কোস্টগার্ড, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম (৪২), মো: ইয়াসিন (১৮), সাইদুল শিকদার (২৪), নিজাম ব্যাপারী (৪৫), রাকিব হাওলাদার (১৮), শাহিন শেখ (৩০), আনু মণ্ডল (৩০), জাকারিয়া ফকির (১৮), মো: মিজান (৪৫) ও শাকিলা আক্তার (১৮)।

জানা যায়, এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি কাটার ও দু’টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত কাটার ও দু’টি বাল্কহেড দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’