গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে টঙ্গীর তিস্তা গেট ইউনাইটেড মডেল অ্যাকাডেমি মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব বলেন, ‘প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনো প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত।’
তিনি বলেন, ‘পাবলিক ও প্রাইভেট শিক্ষার মধ্যে কোনো বিভাজন নয়, বরং সমন্বিত উদ্যোগই জাতি গঠনের জন্য অপরিহার্য।’
তিনি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে নতুন প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষায় সচেতন হওয়ার ওপর জোর দেন তিনি।
এসময় ড. মুহাম্মদ আব্দুর রব শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপ-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, শামীম আহমদ, মো: নাসির উদ্দিন, মো: মোসলেহ উদ্দীন রাজীব, মো: মতিউর রহমান ও মো: মোতাহার হোসেন প্রমুখ।



