কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮

ওসি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়াসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলোইবুনিয়া গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কালাম হাওলাদারের পরিবারের সাথে রফেজ উদ্দিন চৌকিদারের পরিবারের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

সকালে কালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, রিয়াজ হাওলাদার ও মহারাজ হাওলাদারের সাথে রফেজ উদ্দিন চৌকিদারের ছেলে মোশাররফ চৌকিদার, শহিদুল চৌকিদার, মোশাররফ চৌকিদারের ছেলে শাহীন চৌকিদারের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মিরাজ হাওলাদার বলেন, ‘আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

অপর পক্ষের শাহীন চৌকিদার বলেন, ‘আমরাও হামলার শিকার হয়েছি। আমাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়াসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’