চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে দেশ ও জাতির কাঙ্ক্ষিত ভাগ্য পরিবর্তনের প্রতীক। সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধভাবে এই প্রতীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণ সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব চায়। সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিত, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’
শুক্রবার (৩০ জানুয়ারি) সাতকানিয়া পৌরসভা এলাকায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘অতীতে দেশের মানুষের কথা বলার ও স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ছিল না। কিন্তু ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই চব্বিশের আন্দোলনকে আইনী মর্যাদা দিতে সবাইকে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদের আইনী মর্যাদা নিশ্চিত করতে হবে।’
গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনাল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগর উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা রাজনৈতিক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, আ ক ম ফরিদুল আলম, ওয়াজেদ আলী, পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, ওমর গণি, সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আলম,মোহাম্মদ হারুনুর রশিদ, দিদারুল আলম ও শিবির নেতা মোহাম্মদ আনাস প্রমুখ।



