শ্রীনগরে মার্কেট দখলচেষ্টায় বাধা দিতে গিয়ে হামলায় নিহত ১

মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো কমপক্ষে আটজন আহত হয়েছেন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো কমপক্ষে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সাথে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেটের নির্মাণকাজ শুরু করেন।

এতে আহতদের মধ্যে রয়েছেন তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার(২৪), আব্দুর রহমান (২৩)। আহতদের ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, হান্নান হাজী গং, মানিক ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় ব্যর্থ হন তারা। এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালান। মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে আরো কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুনরায় তাকে হাসপাতাল গেটেও প্রতিপক্ষ লোকজন বেধড়ক মারধর করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুই গ্রুপেরই অনেকগুলো রোগী হাসপাতালে আসে। এ সময় আলমগীর নামে রোগীর অবস্থা খুব বেশি আশঙ্কাজনক হলে আমরা তাকে মিডফোর্ডে রেফার করি। পরবর্তীতে মিডফোর্ড হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।