মৌলভীবাজারে নদ-নদীর পানি কমলেও বাঁধভাঙা বন্যায় পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ

বন্যার কারণে অন্তত ৩৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
পানির নিচে বিস্তীর্ণ এলাকা
পানির নিচে বিস্তীর্ণ এলাকা |নয়া দিগন্ত

উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় মৌলভীবাজারের নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা বন্যার পানি এখনো নিম্নাঞ্চল প্লাবিত করে রেখেছে। ফলে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনু নদ ও কমলগঞ্জের ধলাই নদীর পানি কমলেও এখনো বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের পাহাড়ি ঢলের কারণে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর ও একামধু এলাকায় মনু নদীর বাঁধ ও কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। এসব ভাঙন দিয়ে প্রবল স্রোতে বন্যার পানি লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।

বন্যার কারণে অন্তত ৩৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।

দুর্গত মানুষের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শুকনো খাবারসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে পানি পুরোপুরি না নামা পর্যন্ত ভোগান্তি কাটবে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।