কিশোরগঞ্জে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু মঙ্গলবার

‘ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হবে।’

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং |নয়া দিগন্ত

সারাদেশের মতো আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে কিশোরগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মেলায় নির্ধারিত স্টলে গিয়ে ই-নামজারির আবেদন করা যাবে। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনেই সরবরাহ করা হবে জমির খতিয়ান। এছাড়া মৌজার ম্যাপ ও অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিও পাওয়া যাবে।

ভূমি মালিকদের এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিস ও জেলা পর্যায়ে একযোগে তিন দিনব্যাপী এ ভূমিমেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে রোববার (১৭ মে) জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করা হবে। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘জেলার নাগরিকরা অনলাইনে কিংবা সেবা বুথ থেকে সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া মেলা উপলক্ষে সাধারণ সেবার পাশাপাশি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, সেবাগ্রহীতাদের তথ্য প্রদান, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের ভূমিবিষয়ক ধারণা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।