দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি জহিরুল ইসলাম

দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

Location :

Chattogram
উপজেলা পরিষদ হলরুমে  সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
উপজেলা পরিষদ হলরুমে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলা মানে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা। তাদের আমরা যেভাবে গড়ে তুলব, আমাদের দেশের ভবিষ্যৎও হবে তেমন। তাই মাদকের মতো স্মার্টফোন আসক্তি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে। আমরা যারা অভিভাবক আছি, আমাদের নিজ নিজ ছেলেমেয়েদের খোঁজ রাখতে হবে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে। শুধুমাত্র সম্পদের পেছনে না ছুটে সন্তানদের সম্পত্তিরূপে গড়ে তুলতে হবে। সম্পদের চেয়ে সম্পত্তি জীবনে অনেক বেশি কাজে লাগবে। সন্তানদের একাডেমিক পাঠদানের সাথে নীতি-নৈতিকতার ব্যাপারেও শিক্ষা দিতে হবে। যাতে করে সন্তানরা শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে।’ পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারসামগ্রী তুলে দেয়া হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বাঁশখালীর বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।