নওগাঁর পোরশায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরো এক কন্যাশিশু আহত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদিপ্রবাসী। সে দীর্ঘদিন ধরে হাটখোলাপাড়া গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং নিহত শিশু আব্দুল্লাহর আপন খালাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। রাতে একটি বিষধর সাপ তাদের শয়নকক্ষে প্রবেশ করে তাদের দংশন করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আর রহিমা শারীরিকভাবে সুস্থ আছে। তবে আতঙ্কে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে অ্যান্টিভেনম দেয়া হবে।



