অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা রোধে জনগণকে ঐক্যবদ্ধ্ হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, ‘অবৈধ ইটভাটা বন্ধ না করলে কৃষি জমি রক্ষা করা যাবে না।’
বুধবার (৬ মে) সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জনগণের পাশাপাশি নেতাদেরও মাটি কাটা রোধে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় ধামরাইকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এই এমপি।
বাড়িগাও বাসাইল হতে বংশী নদী পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক মিকাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা।



