মানিকগঞ্জের সিংগাইর থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিংগাইর থানায় ওসির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম।
গ্রেফতার ওই আসামির নাম জসীম উদ্দিন (৪৪)। তিনি উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মরহুম আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামি জসীম উদ্দিনের বিরুদ্ধে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দু’টি সিআর সাজা ওয়ারেন্ট, দু’টি জিআর ওয়ারেন্ট ও ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলা বিচারাধীন। দীর্ঘ প্রায় এক যুগ পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) আসামিকে গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই রেজাউল, এএসআই শরীফসহ থানার অন্যান্য কর্মকর্তারা।



