কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভের চেষ্টা করেন পরিবহন শ্রমিকরা। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
পুলিশ জানায়, মতলব-গৌরিপুর সড়ক সংস্কারের দাবিতে তারা মানববন্ধন করতে চেয়েছিলেন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। কিছুক্ষণ পর শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন।
প্রায় ১০ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঈদে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে, এই মুহূর্তে এসে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার মানে হয় না। আমরা শ্রমিকদের সাথে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। মহাসড়কে কোনো যানজট নেই। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।



