উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘শিক্ষার্থীদের কেবল ভালো ছাত্র হলেই চলবে না, তার পাশাপাশি সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ছাত্রসমাজকেই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব ও নেতৃত্ব গ্রহণ করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একদল আদর্শবান মানুষ তৈরি করতে চায়, যারা সততা ও দেশপ্রেম নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’
শনিবার (১৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আজকের এই সাফল্য তোমাদের দীর্ঘ যাত্রার কেবল একটি ধাপ। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় মেধার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে শিক্ষিত তরুণ সমাজকেই মূল দায়িত্ব নিতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হতে হবে মানবকল্যাণ ও দেশসেবা।’
উল্লাপাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, জেলা সেক্রেটারি রেজাউল্লাহ সোয়াইব, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, জেলা সাহিত্য সম্পাদক হাফেজ জাকারিয়া, এবং উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী এবং অভিবাবকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা ও অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মেধা স্মারক প্রদান করা হয়।



