নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা আক্তার ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: আনিস মোল্যার ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাফসা তার মা ও মামার সাথে উপজেলার মিনহাজদিয়া এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে। রোববার দুপুরে মা চামেলি বেগমের সাথে ইজিবাইকে করে নগরকান্দার বাড়িতে ফিরছিল সে। পথে কাগদী বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় হাফসা গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাফসার মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



