মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

অভিযানকালে জাকিরকে তার বাসার শোবার ঘর থেকে মাদকদ্রব্য ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
আটক মো: জাকির ফরাজী
আটক মো: জাকির ফরাজী |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ মো: জাকির ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোডস্থ তিন রাস্তার মোড় এলাকায় ফরাজী বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাকির উত্তর সুবিদখালী গ্রামের মো: মোতালেব ফরাজীর ছেলে।

বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান জানান, জাকির ফরাজীর বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে এবং আসন্ন নির্বাচনে মজুদ করা অস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে পারে এমন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা পুলিশের এসআই মো: ফারুক হোসেনসহ থানা পুলিশ সদস্যদের সহায়তা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জাকিরকে তার বাসার শোবার ঘর থেকে মাদকদ্রব্য ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র একটি চাপাতি, একটি দা, একটি ছুরি, দুই পিছ ইয়াবা, মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম, যৌন উত্তেজক জিনসিন সিরাপ সাত বোতল, একটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের নিজ নামের ছয়টি চেক বই, নগদ নয় হাজার ১৩৫ টাকা ও ওমানের ১০০ টাকার একটি নোট উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম জানান, আটক জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ আরো তিনটি মামলা রয়েছে।