মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শহরতলীর ভাড়াউড়া এলাকার আব্দুল হান্নান (৫০) নামের সিএনজিচালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া-সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি হাইস গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যাত্রীদের পরিচয় জানা যায়নি। হাইস গাড়ির চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



