শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে একটি ভ্যানে ১৫ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিল। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাকর্মীরা সার বোঝায় ভ্যান জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে জানায়। পরে উপসহকারি কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগীতায় সার জব্দ করে।
স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, ‘সারগুলো ভ্যানযোগে চলে যাওয়ার সময় আমরা আটক করে কৃষি কর্মকর্তাকে সংবাদ দেই।’
শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, ‘আমরা এসে পুলিশের সহযোগীতায় সার জব্দ করেছি। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হয়েছে। সার বিক্রির ২২,৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।’



