সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য মো: উজ্জ্বল হোসেন (২৭) নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল প্রায় ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টের সিচনী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটি।
নিহত উজ্জ্বল জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি জামালগঞ্জ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা।
জামালগঞ্জ উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা খালেদ আহমেদ জানান, তিনি ঢাকার সাভার জোনে কর্মরত একজন আনসার সদস্য ছিলেন। চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন তিনি।
তার স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। ঘটনার দিন সোমবার সকালে তার নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার নানার বাড়িতে যেতে রওয়ানা হন। সকাল প্রায় ৮টার দিকে দুর্ঘটনার খবর পান।
দুর্ঘটনা কবলিত এলাকার লোকজন বলেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্টে মোটরসাইকেলসহ একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ ব্যাপারে জানতে চেয়ে শান্তিগঞ্জ থানার ওসি মো: ওলি উল্ল্যাহকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আইনি কার্যক্রম শেষ হলে পরিবার ও স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’



