ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সেবা মাস উপলক্ষে ঈশ্বরদী শাখার উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক রওশন কবীর কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট তালীমুল কুরআন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম।
বুধবার (৮ জুলাই) বিকেলে শহরের নাসিম টাওয়ারে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবার মান, সুবিধা এবং সেবা মাসের মূল বক্তব্য উপস্থাপন করেন ম্যানেজার অপারেশনস বেলাল হোসাইন।
প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘ওলামা মাশায়েখ ও ইমাম-খতিবরা জাতির কণ্ঠস্বর। আপনারা বৃহত্তর জনগোষ্ঠীর একটি অংশের নেতৃত্ব দেন এবং মসজিদ থেকে ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন। সেই সাথে আমি বলবো, আপনারা সুদভিত্তিক অর্থব্যবস্থার কুফল এবং ইসলামী অর্থব্যবস্থার সুফল সম্পর্কে আলোচনা করবেন।’
তিনি আরো বলেন, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশে আল্লাহর রহমতস্বরূপ প্রতিষ্ঠা হয়েছে। ইসলামী ব্যাংক সম্পর্কে আমাদের আরও জানতে হবে এবং মানুষকে জানাতে হবে। এজন্য ইসলামী ব্যাংকের দায়িত্ব হলো ওলামা মাশায়েখদের কাছে ইসলামী অর্থব্যবস্থার রূপরেখা বেশি বেশি তুলে ধরা।’
শাখা ব্যবস্থাপক রওশন কবীর বলেন, ‘ইসলামী ব্যাংক সম্পর্কে কিছু কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। সে সময় কিছুটা বেগ পেতে হলেও আমরা কোনো গ্রাহকের কোনো ক্ষতি হতে দিইনি। গ্রাহকদের সম্পদ আমাদের কাছে আমানত। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইসলামী ব্যাংক আপনাদের ছিল এবং আপনাদেরই আছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ইসলামী ব্যাংক সম্পর্কে মানুষের কাছে এর সুফলগুলো তুলে ধরবেন।’
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আল মামুনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল মিল গেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ, শহরের বাবুপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাম মেহেদী, মালগুদাম মসজিদের ইমাম মোজাম্মেল হক, মুফতি মাওলানা মতিউর রহমান, মাওলানা আবু উবায়দা প্রমুখ।



