পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলের দুই উপজেলার দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ফাতেমা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়ি-ঘর ও দোকানপাটে ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ (বৃহস্পতিবার) বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দু’টি গ্রামের লোকজন।
দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাতেমা বৃদ্ধ কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো: আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



