বাছির জামাল

সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে

‘যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন তাদের পেনশনের ব্যবস্থা করা হবে। এভাবে আমাদের সাংবাদিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার আরো বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ
সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। শুধু এই সরকার না, এই সরকারের পূর্বসূরী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সরকার সাংবাদিকদের সহায়তায় অনেক কাজ করেছেন।’

শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাছির জামাল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের প্রথম ঢাকা শহরে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমাদের জাতীয় প্রেস ক্লাবের বর্তমান যে সুরম্য ভবন তা উদ্বোধন হয়েছে। এখানকার জায়গার একটি অংশ মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে আমাদেরকে সাফ কবলা করে দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সরকারের উদ্যোগে সাংবাদিকদের জন্য আরেকটি থাকার বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে, যার নির্মাণকাজ চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন তাদের পেনশনের ব্যবস্থা করা হবে। এভাবে আমাদের সাংবাদিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার আরো বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে। আজকে আমরা যাদেরকে বৃত্তি দিচ্ছি এবং অনুদান দিচ্ছি, আমরা এই অনুদান ও বৃত্তির সংখ্যা সামনে আরো বাড়িয়ে দেবো, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আপনারা যারা বৃত্তি পাননি তাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই। ভবিষ্যতে আমরা তাদের দিকেও খেয়াল রাখব ইনশাআল্লাহ।’

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে ও রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম রফিকুল ইসলাম, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাব প্রশাসক রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের পাঁচ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান এবং চারটি জেলার ৯৪ জন মেধাবী সাংবাদিক সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক ছাড়াও নবীন-প্রবীণ সাংবাদিকরা অংশ নেন। পরে সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।