চলন্ত গাড়িবহর থামিয়ে নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে একজন সাধারণ মানুষের দাফনকাজে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার একটি সড়কের পাশে দাফন চলাকালে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন তথ্য প্রতিমন্ত্রী। কোনো পূর্বঘোষণা বা প্রটোকল ছাড়াই তার এ অংশগ্রহণে উপস্থিত লোকজনের মধ্যে সৃষ্টি হয় বিস্ময়।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার গারুয়া গ্রামের আমির হোসেনের ছেলে আজিমুল মিয়া (৪০) শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে বাড়ির পাশেই তার দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় টিপটিপ বৃষ্টি শুরু হলে দাফন কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।
এমন পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে ফেরার পথে বিষয়টি নজরে আসে প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিকভাবে গাড়িবহর থামিয়ে দাফনস্থলে গিয়ে তিনি অন্যদের সাথে নিজ হাতে লাশ কবরে নামান এবং দাফন কাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী কোনো আনুষ্ঠানিকতা না মেনেই সাধারণ মানুষের মতো দাফন কাজে যুক্ত হন। পরে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন এবং সেখান থেকে চলে যান।
স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া বলেন, ‘এমন দৃশ্য আমরা আগে দেখিনি। একজন প্রতিমন্ত্রী নিজে কবরে নেমে দাফন কাজে অংশ নিয়েছেন, এটা সত্যিই অবাক করার মতো।’
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: এনামুল কাদির বলেন, ‘সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন প্রতিমন্ত্রীর এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিরল ঘটনা।’
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘পদের গণ্ডি পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।’



