মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের ১৩০ জন পুরুষ ও নারী বন্দীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতরে ১০০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি ও ৩০ জন নারী বন্দীকে শাড়ি দেয়া হয়।
সুনামগঞ্জ সমাজসেবা অধিদফতরের আয়োজনে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সুনামগঞ্জের জেল সুপার মাইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নিবাস চন্দ্র দাস ও সর্বপ্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘আইন সবার জন্য সমান। কাজেই কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন, তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’



