লাইন ভেঙে তেল নেয়ার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

Location :

Savar
সাভারের নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে জাবি শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়
সাভারের নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে জাবি শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয় |নয়া দিগন্ত

জাবি প্রতিনিধি

সাভারের নবীনগরে একটি তেল পাম্পে লাইন ভেঙে জারে তেল নেয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর এবং গায়ে তেল ঢেলে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পাম্পের কর্মচারী ও এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের নবীনগর এলাকার নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা মোটরসাইকেলে তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক লাইন ভেঙে পেছন থেকে এসে জারে তেল নিতে শুরু করেন। বিষয়টি নিয়ে সৌরভ প্রতিবাদ করলে ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সাথে থাকা কয়েকজনকে নিয়ে সৌরভকে মারধর করেন।

তিনি আরো জানান, এ সময় পাম্পের এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মারধরের পর ওই কর্মচারী ফোন দিয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী সৌরভ রানাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসেন।

এ বিষয়ে পাম্পের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।