শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো: কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নম্বর ওয়ার্ড কমিটির সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, জালিয়াতি ও প্রতারণার সাথে জড়িত। এসব বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান স্বীকৃত অধিকার।’
সমাবেশ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা জানান। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন এবং বক্তব্য রাখেন।



