লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে সদর থানার একটি দল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালায়।
এ সময় অটোরিকশায় থাকা যাত্রী লিখন মিয়া (২৩)-কে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
পরে গণনা করে মোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়, যার বাংলাদেশী মুদ্রামান প্রায় ২ কোটি টাকা। উদ্ধারকৃত নোটের মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
আটক লিখন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডলার বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি স্বাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। ডলার কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নেয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।



