শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।

রোববার (২৮ জুন) বিকেলে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সৌরভ এ বছর দাখিল পরীক্ষা দিয়ে আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। অপর নিহত নাঈম পেশায় একজন ওয়াইফাই সংযোগ কারিগর ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সৌরভ ও নাঈমের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাব্বির।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুই তরুণকে মৃত ঘোষণা করা হয়। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।