মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা লরি থেকে চালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। এতে চালক জামাল আহত হন। আহত অবস্থায় তিনি লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত জামাল উদ্দিন
নিহত জামাল উদ্দিন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় জামাল উদ্দিন (৫৬) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে পার্কিং করা লরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামাল ভোলার জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার মরহুম মুনাফ বেপারীর ছেলে।

লরিচালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে পণ্যবোঝাই লরিটি রওনা দেয়। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এসময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে চালক জামালকে কুপিয়ে আহত করে।

তিনি আরো জানান, জামাল গুরুতর আহত ও আতঙ্কিত অবস্থায় লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

পরে বিষয়টি অন্য চালকদের জানালে তারা লরিটি জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি থেকে চালকের লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় সংঘটিত হওয়ায় সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।’