রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হলো। এছাড়া হাম উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ১৩৮ জন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও জরুরি মেডিক্যাল অফিসার ডা: শঙ্কর কে বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানান।
রামেক হাসপাতালের মুখপাত্র বলেন, ‘রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টায়) রামেক হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচজন। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন।’
ডা: শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘আগের থেকে রোববার রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি ছিল। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।’



