সুন্দরবনে জেলে নিহতের জের বন বিভাগের অফিস ভাঙচুর

বিজিবির প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

ঘটনার জেরে বিকেলে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় জনতা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়।

নিজস্ব প্রতিবেদক

Location :

Satkhira
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা |সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় এক জেলের নিহতের ঘটনাকে কেন্দ্র করে নীলডুমুর ও বুড়িগোয়ালিনী এলাকায় স্থানীয় উত্তেজিত জনতা বন বিভাগের অফিস ভাঙচুর করেছে। এতে বন বিভাগের চার কর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্লাটুন সদস্য সেখানে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এবং আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শতমুখি খালসংলগ্ন পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিহত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা। ঘটনার জেরে বিকেলে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় জনতা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক প্লাটুন বিজিবি সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। পরে বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।